রূপগঞ্জে যুবকের হাতের রগ কেটে দিলো সন্ত্রাসীরা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫ শতাংশ জমি জবরদখল করতে গিয়ে স্থানীয় সন্ত্রাসীরা অনিক নামের এক যুবকের ডান হাতের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই যুবকের দুই পা হকিস্টিক দিয়ে ভেঙে দেওয়া হয়। শরীরের বিভিন্ন অংশে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়। যুবককে বাঁচাতে গিয়ে আহত হয় সাইদুর রহমান নামের এক মোটর মিস্ত্রিও। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সাওঘাট ঋষিপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সাওঘাট ঋষিপাড়া এলাকার ১৫ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে আনোয়ার হোসেন ভেন্ডারের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে একই এলাকার আব্দুল হকের ছেলে মিন্টুর বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশ হলেও সুরাহা হয়নি। মঙ্গলবার দুপুরে জসিম উদ্দিনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি জবরদখল করতে যায়। এসময় মিন্টুসহ তার আত্মীয় স্বজনরা বাধা প্রদান করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা মিন্টুদের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা মিন্টুর ভাগিনা অনিককে এলোপাতাড়িভাবে হকিস্টিক দিয়ে পেটাতে থাকে। এ সময় তার ডান হাতের রগ কেটে দেওয়া হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় অনিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করে। এদিকে হামলার সংবাদ পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।