শহীদদের স্বপ্ন ছিল মাতৃভাষায় সুশিক্ষিত হয়ে বাঙালি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করবে --------- সাদেক সিদ্দিকী

জাতীয় পার্টি-জেপি’র নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, শহীদদের স্বপ্ন ছিল মাতৃভাষা বাংলার মাধ্যমে বাঙালি জাতি সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বমানের উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এই স্বপ্ন নিয়েই ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারা শহীদ হন। আমরা শহীদদের রক্তের ঋণ সেইদিন শোধ করতে পারব যেদিন বাংলাদেশ হবে সন্ত্রাস, জঙ্গি, সামপ্রদায়িকতা, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত পরিবেশের গণতান্ত্রিক আইনের শাসনের বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদের স্মরণে গতকাল জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী এম সাজাওয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন— জাতীয় জনতা পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আসাদ, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, আওয়ামী মহিলা লীগের যুগ্ম সম্পাদক শিখা চক্রবর্তী, জাসদ নেতা হুমায়ুন কবির, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, নারী নেত্রী শাহনারা আকতার ও মিতা রহমান, জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস প্রমুখ।