বাংলাটেলের সাবেক ম্যানেজার রিমান্ডে

সাড়ে ৯ কোটি টাকা আত্মসাত্

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ইস্কাটনের বাংলাটেল লিমিটেডের প্রায় সাড়ে ৯ কোটি টাকা আত্মসাত্ করে বিদেশে পাচারের অভিযোগের মামলায় ওই প্রতিষ্ঠানটির সাবেক ম্যানেজার ওয়াহিদুর রহমান ভূইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ওয়াহিদুর রহমান ভূইয়া (৩২) ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাটেলের ম্যানেজার ফাইন্যান্স হিসেবে ছিলেন। এসময় আসামি বিল-ভাউচার জাল জালিয়াতির মাধ্যমে এয়ারটেল এবং টাটা কমিউনিকেশন কোম্পানিতে না পাঠিয়ে মালেশিয়ান দুইটি কোম্পানিকে প্রাইম ব্যাংক বনানী শাখার মাধ্যমে ৯ কোটি ৩৯ লাখ টাকা পাচার করেন। টাকা পাচার করা দুটি কোম্পানির মধ্যে একটির এই আসামি পরিচালক ও মালিক।  এরআগে এ আসামি বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।