নির্বাচন ঘিরে যেন প্রাণহানি না ঘটে ----------------------সিইসি

ইত্তেফাক রিপোর্ট

নির্বাচনকে ঘিরে যেন প্রাণহানি না ঘটে, সে বিষয়ে রিটার্নিং অফিসারদের সতর্ক থাকতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, একটি জীবন অত্যন্ত মূল্যবান। একটা নির্বাচন দিয়ে একটি জীবন প্রতিস্থাপন করা যায় না। স্থানীয় সরকার নির্বাচন যেহেতু প্রতিযোগিতামূলক হয়, এতে সংঘর্ষের ঘটনা ঘটে, এটা ভালোভাবে দেখতে হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপজেলা পরিষদের তৃতীয় ধাপে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে সিইসি এ সব কথা বলেন। ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে কর্মশালায় সিইসি ছাড়াই বাকি চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

সিইসি রিটার্নিং কর্মকর্তাদের বলেন, আপনারা ব্যক্তিগত উদ্যোগে হলেও বিরোধ মীমাংসার চেষ্টা করবেন। কোনো প্রাণহানি যেন না হয়। কেউ যেন আহত না হয়। তিনি আরো বলেন, আপনাদের হাতে দায়িত্ব দিয়ে সে দায়িত্ব পালন করা হবে কি না— সেটা নিয়ে যদি সন্দেহ করি তা হলে আর কোথায় যাব আমরা? জাতি কোথায় যাবে? আপনাদের তারুণ্য আছে, উত্সাহ আছে, উদ্যম আছে, আপনাদের মাঝে কাজ করার স্পৃহা আছে। সেটাকে আমি অত্যন্ত মূল্যায়ন করি এবং গুরুত্বসহকারে বিবেচনা করি। সে জায়গায় আপনারা ব্যর্থ হবেন আমি বিশ্বাস করি না।

সিইসি বলেন, আরেকটি বিষয় হচ্ছে সমন্বয়। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা হয়েছে। সেখানে র?্যাবের মহাপরিচালক একটা কথা বলেছেন। আমার অত্যন্ত ভালো লেগেছে। তিনি বলেছেন, আমাদের যে জাতীয় নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের কারণে অথবা নির্বাচনের সময় অথবা এ নির্বাচনকালীন আমাদের যে কার্যক্রম তার মাধ্যমে একটা বড় অর্জন হয়েছে জাতির। সেটা হলো সমন্বয়।

৮৭ উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে আগামী ১০ মার্চ শুরু হচ্ছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। মোট পাঁচ ধাপে জুনের মধ্যে এ নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে তৃতীয় ধাপের ভোট হবে ২৪ মার্চ।