শীতকাল এলেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জলাশয়গুলোতে রং-বেরঙের পাখির দেখা মেলে। দূরের শীতপ্রধান দেশ থেকে এসব পাখির আগমন ঘটে। প্রতি বছরের মতো এবারও নানা প্রজাতির অতিথি পাখির আগমন ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবন সংলগ্ন পুকুর ও লেক এলাকায় এদের দেখা মিলছে।
এ বছর সরালি হাঁস, ল্যাঞ্জা হাঁস, খুনতে হাঁসসহ অন্তত পাঁচ প্রজাতির অতিথি পাখি এসেছে। এছাড়া সাদা বক, কানি বক, পানকৌড়ি ইত্যাদি প্রজাতির পাখিও রয়েছে। এ সব পাখির দলবেঁধে আকাশে ওড়াউড়ি, লেকের পানিতে জলকেলি আর কিচির মিচির কলকাকলি, মাছ শিকার কিংবা পানিতে নানা কায়দায় কসরত এখানকার প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অবসরে পরিযায়ীদের জলকেলি উপভোগ করেন। ক্যাম্পাসের বাইরে থেকেও অনেক দর্শনার্থী এ সৌন্দর্য দেখতে ছুটে আসেন।
ক্যাম্পাসে ঘুরতে এসে দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা জানান, দিনদিন পাখি প্রেমির সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে পাখি শিকারের প্রবণতা কমে যাওয়া ও অত্যাচার না করার মানসিকতা গড়ে ওঠায় পাখির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম দৈনিক ইত্তেফাককে বলেন, অতিথি পাখিদের বিচরণ আমিও উপভোগ করি। অতিথি পাখিদের জীবন এবং বিচরণের নিরাপত্তা নিশ্চিতে অভয়ারণ্য তৈরি করতে হবে। এ জন্য শিক্ষার্থীসহ সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।