ক্রীড়া সামগ্রীর মান নিয়ে সংসদে ক্ষোভ

ইত্তেফাক রিপোর্ট

প্রতিবছর প্রত্যেক সংসদ সদস্যের নামে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রীর মান নিয়ে সংসদে ক্ষোভ জানালেন সংসদ সদস্যরা। গতকাল মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য আবদুল মান্নান সম্পূরক প্রশ্নে বিষয়টি তুললে উপস্থিত অনেক এমপি টেবিল চাপড়ে তার অভিযোগকে সমর্থন যোগান। বিষয়টি স্বীকার করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি থাকাকালীন সময়েও এনিয়ে কমিটির বৈঠকে একাধিকবার প্রশ্ন তুলেছেন সংসদ সদস্যরা। প্রতিমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি এবার শুধু মান বৃদ্ধিই নয় ক্রীড়া সামগ্রী বাড়ানোরও পরিকল্পনা নিয়েছি।

সরকারি দলের সংসদ সদস্য আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের খেলাধুলার মান উন্নয়নে দেশের প্রতিটি বিভাগে একটি করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে।