কারচুপির অভিযোগ এনে আওয়ামী লীগ প্রার্থীর ভোট বর্জন

কারচুপির অভিযোগ এনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানা ভোট বর্জন করেছেন।

রবিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় দুওসুও ইউনিয়নের ৩ নম্বর মহিসমারি কেন্দ্রে নৌকার প্রার্থী সোহেল রানা বেশ কিছু অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।

সোহেল রানা জানান, আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোর করে কেন্দ্র দখল করেছে, তারা ব্যালট পেপারে সিল মেরেছে। এই ইউনিয়নে সুষ্ঠু ভোট হয়নি। তাই আমি এই ভোট বর্জন করলাম।

দুওসুও ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান,  সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করে তাহলে এর দায় তাকেই নিতে হবে। তবে আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি।