প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দলের বিপর্যয়ে ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন লিটন দাস। এরই মধ্যে তুলে নিয়েছেন নিজের অর্ধশতক। অপরপ্রান্তে থাকা তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন তিনি।
এই রিপোর্ট লেখার সময় ৭ উইকেট হারিয়ে ১৫৬ রানে ব্যাট করছে বাংলাদেশ। লিটন দাস অপরাজিত আছেন ৫৮ রানে এবং তাইজুল এখনো রানের খাতা খুলেননি। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২০০ রানে।
এর আগে প্রথম ইনিংসে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লিটন। তার ওই রানের ওপর ভর করেই ৩৩০ রানের স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ। যদিও মুশফিকুর রহিমও ৯১ রান করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
গতকাল চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই মাত্র ২৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। পাকিস্তানি বোলারদের সামেনে দাঁড়াতেই পারেননি কেউ। আজ (২৯ নভেম্বর) চতুর্থ দিনে নতুন শুরুর আশা করেছিল বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ১৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। এরপর ইয়াসির আলি রাব্বিকে নিয়ে ঘুরে দাঁড়ানো চেষ্টা করেন লিটন। তবে সেই জুটিও বেশিক্ষণ টিকলো না। আহত হয়ে ছিটকে গেছেন রাব্বি। পরে আর কোনো লম্বা জুটি হয়নি। সবাই আশা-যাওয়ার মিছিলে।