গ্যাস বন্ধ থাকায় রেস্টুরেন্টে খাবারের জন্য ভিড়

তিতাস গ্যাস কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা  থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর প্রায় সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নগরবাসীকে দুর্ভোগের শিকার হতে হয়েছে। অনেক বাড়িতে ইলেকট্রিক কুকারে রান্না করা হয়েছে। আবার পূর্ব থেকে অনেকেই সন্ধ্যার আগেই রান্নার কাজটি সেরে ফেলেন। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হয় মেসবাসীদের। এ কারণেই গতকাল রাতে রাজধানীর বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাবারের জন্য ভিড় দেখা গেছে। হোটেলে গিয়ে খাবার না পেয়েও খালি হাতে ফিরতে হয়েছে অনেককে। অনেকে ঘুরছেন এক হোটেল থেকে অন্য হোটেলে।

এর আগে সোমবার তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক  সম্মেলনে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত গ্যাস সিস্টেমের ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ, ত্রুটি মেরামত এবং মেট্রোরেলের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়। মিরপুর,  শ্যামলী,  আগারগাঁও, মোহম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিনরোড, পুরান ঢাকার পুরো এলাকা, মিন্টো রোড, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবনসহ আশেপাশের এলাকা, নন্দীপাড়া,  গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল, কমলাপুর, মনিপুরী পাড়া, সিদ্ধেশ্বরী,  সেগুনবাগিচা,  তেজগাঁও, বাসাবোসহ আশেপাশের এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকে।