নিজেকেই দুষছেন মুমিনুল

দুই সেশন আগেই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট। ম্যাচ শেষের পরেই বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক ব্যাট-প্যাড নিয়ে নেমে পড়লেন নেটে। দুই ইনিংসে তার ব্যাটে রান আসেনি। বড় ইনিংস খেলে অভস্ত মুমিনুল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে খেলেন ২১ বল। করেন ৬ রান। এমন বাজে পারফরম্যান্সের কারণে ম্যাচ শেষে নিজেকেই তুললেন কাঠগড়ায়।

মুমিনুল বলেন, ‘শীর্ষ ৪ ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত, আমিসহ। ৪ নম্বরে আমি একটা বড় ইনিংস খেলতে পারলে দৃশ্যপট অন্যরকম হতে পারতো। প্রথম ১০ ওভারের মধ্যেই যদি ৪ উইকেট চলে যায় তাহলে মোমেন্টাম ধরে রাখা কঠিন হয়ে যায়। এরপর ২০০ রানের পার্টনারশিপ হলেও দিনশেষে হয়তো ৩০০ রান হবে। এমন উইকেটে ৩৩০ রান করে লড়াই সহজ।

তিনি বলেন, ‘খেলার পার্থক্য গড়ে দিয়েছে আমাদের ব্যাটাররা ব্যাট না করতে পারায়। আমরা দুই ইনিংসে ৪৯ রানে, দ্বিতীয় ইনিংসে ২৫ রানে ৪ উইকেট হারিয়েছি। অর্ধেক খেলা এখানেই শেষ।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২০২ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়েই করে ফেলেছে বাবর আজমের দল।

তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছিল ৪৪ রানের লিড। আর তাতেই পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে জয় দিয়ে শুরুর সম্ভাবনা দেখা দিয়েছিলো। কিন্তু ব্যাটারদের দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় উল্টো বড় পরাজয় দিয়ে শুরু হলো টাইগারদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ।

ম্যাচের প্রথম ইনিংসে লিটন দাসের ১১৪ ও মুশফিকুর রহিমের ৯১ রানে ভর করে ৩৩০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিকরা। জবাবে আবিদ আলির ১৩৩ রানের পরও ২৮৬ রানের বেশি করতে পারেনি সফররতরা। তাইজুল একাই তুলে নিয়েছেন পাকিস্তানের ৭ উইকেট।

প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়ার পরও দ্বিতীয় ইনিংসে আসা যাওয়ার লাইন ধরেন ব্যাটাররা। লিটন দাসের ৫৯ রানের সুবাদে ১৫৭ পর্যন্ত যায় দলীয় সংগ্রহ। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০২ রানের।