রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১২ জন। নাওড়া এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী দেশীয় নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন ও কায়েতপাড়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি জোসনা আক্তারের বাড়িতে হামলা চালায়। সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ ও ১২জন আহত হয়। গুলিতে আহত নাওড়া গ্রামের মৃত ফজুল মিয়ার ছেলে ইউসুফ মিয়া ও ওমেদ আলীর ছেলে রেনু মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত সুবহান, জায়েদা খাতুন, নুরজাহানকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।