করোনায় আরও ২ জনের মৃত্যু 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৩ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৮২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জনে।

বুধবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আহমেদুল কবীর স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৩৮ শতাংশ ছিল। আর পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৪৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

করোনা আক্রান্তকে সেবা দিচ্ছেন চিকিৎসক। ছবি: আব্দুল গনি

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ছিল ৬০ বছরের বেশি। আর অন্যজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। আর মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।