কৃষক আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। হিমাচল প্রদেশের একটি থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন তিনি। একইসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, এসব হত্যার হুমকিকে তিনি ভয় পান না।
মঙ্গলবার পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে মা আশা রনৌত এবং দিদি রঙ্গোলি চান্দেলের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন কঙ্গনা। ছবির সঙ্গে হিন্দিতে দীর্ঘ একটি লেখা পোস্ট করেন তিনি।
সেখানে কঙ্গনা লিখেছেন, ‘২৬/১১ হামলায় শহীদদের স্মরণ করছি। বিশ্বাসঘাতকদের ক্ষমা কররেন না। ২৬/১১-র মতো ঘটনার পেছনে দেশের ভিতরের বিশ্বাসঘাতকদের হাত রয়েছে। এই বিশ্বাসঘাতকেরা কখনো অর্থের লোভে, কখনো পদের লোভে, কখনো ক্ষমতার লোভে ভারতমাতাকে কলঙ্কিত করার একটি সুযোগও ছাড়েনি। দেশের অভ্যন্তরের বিশ্বাসঘাতকেরা ষড়যন্ত্র করে দেশবিরোধী শক্তিকে সাহায্য করতে থাকে’।
এর পরেই তিনি লিখেছেন, ‘এই ধরনের আপশক্তি লাগাতার আমাকে হুমকি দিচ্ছে। ভাতিন্ডার একজন আমাকে খুনের হুমকি দিয়েছে। আমি এই সব হুমকিতে ভয় পাই না’।
কয়েকদিন আগে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণার পরে রুষ্ট অভিনেত্রী কৃষক আন্দোলনের প্রতি নিন্দা জানিয়েছিলেন। কৃষকদের প্রতিবাদকে ‘খলিস্তানি আন্দোলন’ বলে আখ্যা দিয়েছিলেন। তার প্রেক্ষিতে তাকে খুনের হুমকি দেওয়া হতে পারে বলে মত অনেকের।
ইত্তেফাক/বিএএফ