বাস যাত্রীরা ডাকাত সদস্যকে পিটিয়ে লাশ নিয়ে গেল গোপালগঞ্জ

গোপালগঞ্জে যাত্রীবাহী নাইট কোচ থেকে ডাকাত দলের এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাকাত সদস্য সেন্টু নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের হিরার ঝিল এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার গ্রামেরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দোপারচর গ্রামে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে পুলিশ লাইন্স মোড়ে ব্যাপারী পরিবহনের একটি বাস থেকে লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

গোপালগঞ্জ সদর থানার এস আই সিরাজুল ইসলাম বাস যাত্রীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী ব্যাপারী পরিবহনের ওই বাসটি রাত নয়টার দিকে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে পৌঁছালে ১০/১২ জনের একদল ডাকাত ওঠে। এ সময় বাসযাত্রী, শ্রমিক ও স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ডাকাত দলের সদস্যদের প্রতিরোধ করে। তাদের প্রতিরোধের মুখে অন্যরা পালিয়ে গেলেও ডাকাত দলের এক সদস্য সেন্টু ধরা পড়ে। পিটুনিতে সেন্টু ঘটনাস্থলেই মারা যান।

 

পরে বাস শ্রমিক ও যাত্রীরা নিহত ডাকাত সদস্যের লাশ গাড়িতে তুলে খুলনার উদ্দেশে রওনা দেয়। গোপালগঞ্জ থানা পুলিশ গোপান সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্যাপারী পরিবহনের বাসটি পুলিশ লাইন্সে থামিয়ে নিহত ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠায়। বাসটি আটক করে পুলিশ লাইন্সে রাখা হয়েছে।

 

এ ব্যাপারে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বাসযাত্রী ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছেন।

 

ইত্তেফাক/এএম