ভাঙ্গা গড়ার গল্প নিয়ে ‘একটি হারানো বিজ্ঞপ্তি’

মানুষ মায়াজীবী প্রাণী। মায়াজীবী প্রাণী হিসেবে প্রতিদিন হাজারো স্বপ্ন দেখে। সেই সব স্বপ্নের মধ্য থেকে পূরণ হয় অল্প দুই একটি, বেশিরভাগ স্বপ্নই থেকে যায় অধরা, রয়ে যায় সাধ ও সাধ্যের বাইরে। কিছু স্বপ্ন ডুবে যায় জীবন যাপনের ক্লান্তিতে। যাপিত জীবনের চিরচেনা এইসব ভাঙ্গা গড়ার গল্প নিয়েই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মিকসেতু মিঠু’র জীবন ঘনিষ্ঠ উপন্যাস ‘একটি হারানো বিজ্ঞপ্তি’।

কাহিনী সংক্ষেপ: গ্রামে নানা কারণেই অবহেলিত আনোয়ারা বেগম, স্বপ্ন দেখেন তার ছেলে মুহিব একদিন অনেক বড় বিসিএস ক্যাডার হবে। সমাজে তাদের অবস্থান অনেক উপরে উঠবে।
বেকার স্বামীর নির্যাতনের শিকার সরকারি চাকরিজীবী কেয়া’ও স্বপ্ন দেখে, তার উপর এই নির্যাতন বন্ধ হবে একদিন। একটা সুখের সংসার হবে তার। 
মুহিবের কলেজ জীবনের বন্ধু কিংবা প্রেমিকা নীতুর স্বপ্ন হবু ডাক্তার প্রেমিককে বিয়ে করার।
বিশ্ববিদ্যালয়ের বন্ধু পিয়াসের একমাত্র স্বপ্ন ফিল্ম ডিরেক্টর হবে সে। বানাবে সিনেমা। যে সিনেমা গল্প বলবে চরম বাস্তবতার। ক্যামেরা দিয়ে স্বপ্ন আঁকবে সে মানুষের মন ও মননে। 
স্বপ্ন দেখে ফারাহ’ও। সে স্বপ্নে কখনো এক বাচ্চার বাবা প্রিন্স থাকে, কখনো থাকে উড়নচণ্ডী মুহিব। 
যাকে ঘিরে এতো স্বপ্ন বুননের গল্প, সেই মুহিব কি আদৌ স্বপ্নের পেছনে ছোটে? নাকি সে বিশ্বাস করে সব স্বপ্নই পূরণ হয় না মানুষের, কিছু স্বপ্ন হারানো বিজ্ঞপ্তি হয়ে সেঁটে যায় নাগরিক দেয়ালে?

আরো পড়ুন: পুলিশের ধাওয়ায় ব্রিজ থেকে লাফিয়ে যুবকের মৃত্যু 

লেখক মিকসেতু মিঠু বলেন- এটা কোন অচেনা গল্প নয়। বরং আমরা আমাদের চারপাশে এমন হাজারো গল্প ঘটে যেতে দেখি প্রতিদিন। তবে সেই গল্পের পেছনের গল্পটা দেখি না কেউ। একজন মানুষ ব্যর্থ, তিনি কেন ব্যর্থ হলেন খুঁজতে চাই না সেই কারণ। এতো সময় নেই মানুষের। আমি গল্পের পেছনের সেই গল্পটাও বলতে চেয়েছি। উপন্যাস যদি সমাজের দর্পণ হয় তাহলে ঔপন্যাসিকের কাজ হচ্ছে সময়কে ধরে রাখা। একটি হারানো বিজ্ঞপ্তিতে আমি সমকালীন সময়টাকেই ধরে রাখতে চেয়েছি। বৃত্তের ভেতরের গল্পটার ফাঁকে ফাঁকে খুঁজেছি বৃত্তের বাইরেটা গল্পটা।

একটি হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রাইটার্স গিল্ড, পাওয়া যাচ্ছে বইমেলার ২৮৯ নম্বর স্টলে। বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়।

ইত্তেফাক/অনি