১০ গ্রামের মানুষের দুর্ভোগ

বুড়িচংয়ে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলাচল

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহের চর গ্রামের সড়কের একটি কালভার্ট ধসে পড়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ঐ গ্রামসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ভুক্তভোগীরা অবিলম্বে সেখানে একটি নতুন কালভার্ট নির্মাণের দাবি করেছেন। তবে উপজেলা প্রকৌশলী শিগগিরই তা মেরামতের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহের চর গ্রামের ঐ সড়কের একটি কালভার্টের মধ্যের অংশ প্রায় দুই বছর আগে ধসে পড়ে। এতে সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ঐ সড়ক দিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের দেবপুর হয়ে বাজেবাহের চর ছাড়াও হরিনধরা, জালালপুর, বাগিলারা, বাজেহুরা, রায়পুর, কাঁঠালিয়া, মিথিলাপুর, বাহেরচরসহ কমপক্ষে ১০ গ্রামের মানুষ চলাচল করেন। কালভার্টটি যান চলাচলের অনুপযোগী থাকায় প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার শত শত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

ব্যবসায়ী আবুল বাসার ও শিক্ষক আবদুল মবিন বলেন, প্রায় দুই বছর আগে রাতের আঁধারে কিছু অসাধু মাটি ব্যবসায়ী গোমতীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাক-ট্রাক্টরযোগে নেওয়ার সময় কালভার্টটি ধসে পড়ে। এছাড়া দেদারসে গোমতীর মাটি বহনের কারণে সড়কটির অবস্থা বেহাল হয়ে আছে, মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। তারা কালভার্টটি ভেঙে সেখানে নতুন করে নির্মাণের জন্য দাবি জানান।

ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লালন হায়দার বলেন, স্থানীয় লোকজন জনদুর্ভোগের বিষয়টি অবহিত করেছেন। পরিষদের তহবিল থেকে বরাদ্দ নিয়ে স্থানীয় ইউপি সদস্যকে দ্রুত কালভার্টটি সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। 

স্থানীয় সরকার বিভাগের বুড়িচং উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া জানান, মানুষের চলাচলের উপযোগী করতে ঐ স্থানে কালভার্ট নির্মাণে জলদি পদক্ষেপ নেওয়া হবে।