সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে --------------- আইজিপি

পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্র কারবারি কাউকে রেহাই দেওয়া হবে না। অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যাতে অপব্যবহার না হয় সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।

কক্সবাজারে মাদকের আগ্রাসন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ প্রধান আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর মাদকের বিষয়ে ঘোষিত জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। তাই সারাদেশে মাদক নির্মূলে মাঠপর্যায়ের পুলিশকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে ইয়াবাসহ মাদকের আগ্রাসন থেকে কক্সবাজারকে পুরোপুরি মুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন।’

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রবিবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের চকরিয়া থানার নবনির্মিত ভবন, উখিয়া সার্কেল অফিস ও ঈদগাঁও তদন্ত কেন্দ্র ভবন উদ্বোধন করেন। এরপর তিনি থানা ভবনের সুসজ্জিত ফুলের বাগানে জাপানী নাকাচুয়া প্রজাতির একটি বৃক্ষের চারা রোপণ করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে চা-চক্রে মিলিত হন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।