ভাষা দিবসে মামুনুর রশীদের ‘পাগলা ঘণ্টা’

 

ভাষা দিবসের জন্য একটি নাটক লিখেছেন বরেণ্য অভিনেতা, নির্দেশক মামুনুর রশীদ। নাটকটির নাম ‘পাগলা ঘণ্টা’। এটি আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন ফজলে আজিম জুয়েল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়রাজ, সুষমা সরকার, আবদুল্লাহ রানা প্রমুখ। নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ। গত ১৩ ফেব্রুয়ারি বিটিভির নিজস্ব সেটে নাটকটির শুটিং শুরু হয়। এ নাটক সম্পর্কে মামুনুর রশীদ বলেন, ‘রাজশাহী জেলে ১৯৫২ সালের এই সময়ে কিছু ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো নিয়েই এ নাটকটির গল্প তৈরি করেছি। সেসময় একদল কিশোর ছাত্রকে গ্রেফতার করে রাখা হয়েছিল রাজশাহী জেলখানায়। তখন কয়েকবার জেলে পাগলা ঘণ্টা বাজাতে হয়েছিল। এগুলোসহ প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে নাটকটির গল্প তৈরি করেছি। আশা করছি, নাটকটি দর্শকরা বেশ আগ্রহ নিয়েই দেখবেন।’ অন্যদিকে বরাবরের মতো অভিনয়ে নিয়মিত কাজ করছেন তিনি।