মেহজাবীনের ‘যে গল্পটা বলা হয়নি’

বিনোদন রিপোর্ট

 

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে নাটক ‘যে গল্পটা বলা হয়নি’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিশো, মেহজাবীন প্রমুখ। সানি ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে। রেডিও জকি। কথা বলে বাংলিশে। যেটুকু বাংলা বলে তাও ইংলিশ উচ্চারণে। তার বন্ধুদের মধ্যে আসাদ একমাত্র বাংলা মিডিয়াম। শুধু সেকারণের সে পুরোপুরি মিশে যেতে পারে না কখনোই সানিদের দলের সাথে। সানিরাও ওকে এক রকম তুচ্ছ তাচ্ছিল্যই করে। কিন্তু এই আসাদকেই যে সানির এমন প্রয়োজন হয়ে পড়বে, কে জানতো। সানি প্রেমে পড়ে সুবর্ণার। সুবর্ণা অপরূপ সুন্দরী, স্মার্ট। কিন্তু কঠিনভাবে নীতিবান। শুরু থেকেই সানি যত ঘনিষ্ট হওয়ার চেষ্টা করতে থাকে সুবর্ণার, সুবর্ণা ততোই তাকে খোঁচা দিতে থাকে উদ্ভট বাংলিশ উচ্চারণের জন্য। যে বিষয়গুলোকে সানি এতদিন স্মার্টনেস ভেবে এসেছে, সেগুলো একেক করে ভেঙে গুড়ো গুড়ো করে দিতে থাকে সুবর্ণা। শেষ পর্যন্ত আসাদই ভরসা হয় সানির। এরপর থেকে দেখা যায় আসাদই সানির রেডিও অনুষ্ঠানের স্ক্রিপ্ট লিখে দেয়, যেখানে প্রায়ই সুবর্ণাকে ইঙ্গি করে নিজের ভালোবাসার কথা জানায় সানি।

সানির উচ্চারণও ঠিক করে দিতে থাকে আসাদ। বদলে যেতে থাকে সানির ব্যক্তিত্বও। অবশেষে একদিন সুবর্ণা শোনে সানির রেডিও অনুষ্ঠান। ফোন করে তাকে।