অজয়ের শোক না কাটতেই সড়কে আহত ২ নোবিপ্রবি শিক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় অজয় মজুমদারের মৃত্যুর দুইদিন পরে আবারও সোনাপুর জিরু পয়েন্টে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থী ও এক কর্মচারী। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় থেকে সোনাপুর অটোযোগে যাওয়ার পথে সিএনজিচালিত  অটোরিকশার সাথে সংঘর্ষে আহত হয়ে বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা। আহত শিক্ষার্থীরা হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিবিএ বিভাগের ফাহিমা আক্তার ও ফারিয়া নুসরাত এবং কর্মচারী একই বিভাগের ল্যাব এসিস্ট্যান্ট বলে জানা গেছে।

দুর্ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান,ভাঙ্গা সড়কে উল্টো পথে দ্রুত গতিতে এগিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা দেওয়ার ফলে দুর্ঘটনার শিকার হয় শিক্ষার্থী এবং কর্মচারী। সূত্রে আরো জানা যায়,দুর্ঘটনার কবলে পরা ওই সিএনজিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন একজন পরিবহন মিস্ত্রি। পরে দুর্ঘটনার  সাথে সাথেই উপস্থিত স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর প্রফেসর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমি দুর্ঘটনার বিষয়টি জানি। দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের নিকট প্রক্টোরিয়াল দলের সদস্যদের  পাঠিয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।

উল্লেখ্য, এর আগে গত ৭ ডিসেম্বর সোনাপুর জিরো পয়েন্টে নোবিপ্রবি ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অজয় মজুমদার ট্রাকের চাপায় নিহত হলে সড়ক মেরামত ও নিরাপদ সড়কের দাবি জানায় শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিলেও কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।