বিভিন্ন স্থানে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার উদ্দেশ্যে বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার):শ্রীমঙ্গলে সবক’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল-২০১৯ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন ঘিরে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা কম হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উত্সবমুখর পরিবেশ বিরাজ করে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিধি নির্বাচন করতে ভোট প্রয়োগের পাশাপাশি নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনসহ প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার ও নিরাপত্তায় পুলিশ হিসেবে শিক্ষার্থীরাই দায়িত্ব পালন করে।

রায়পুর (লক্ষ্মীপুর) : রায়পুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত একযোগে উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ টিপু সোলতান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতটি পদে এ ভোট হয়। নির্বাচিতরা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়নসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মনোহরগঞ্জ (কুমিল্লা): উপজেলায় মোট ১২ হাজার ২শ ৬৮ জন শিক্ষার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর ৩য়-৫ম শ্রেণির সকল শিক্ষার্থী হলেন এ নির্বাচনের ভোটার।

ঝিনাইদহ : সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। বিদ্যালয়গুলোতে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছে। টাঙানো হয়েছে প্রার্থীদের পোস্টার। ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আখতারুজ্জামান জানান, জেলার ৯০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কাউখালী (পিরোজপুর): উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, এবছর নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি উত্সাহ- উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

মঠবাড়িয়া (পিরোজপুর) : মঠবাড়িয়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৬৭৮ জন। প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ জন হচ্ছে-৩য় শ্রেণিতে তাহসিন রহমান আলিফ, পরিসা, ৪র্থ শ্রেণিতে অরিত্র বেপারী, অনিকা, ৫ম শ্রেণিতে ফারহান উদ্দিন জিলাম, সুলতানা হোসেন মৌ ও আবদুল্লাহ আল সাইফ।

নাগরপুর (টাঙ্গাইল) : সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় দুপুর ১টায়। নাগরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ জানান, নাগরপুর উপজেলায় ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মির্জাপুর (টাঙ্গাইল):সকাল থেকে একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসূত্র জানিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলার ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দেবীগঞ্জ (পঞ্চগড়):দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত এ তিন ক্লাসে ৩৭০ জন ছাত্র-ছাত্রী প্রতিনিধি নির্বাচন করতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিন শ্রেণিতে ৭ জন প্রতিনিধি নির্বাচন করতে প্রার্থী ছিল ১৪ জন।