হোমনায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় বাড়ি থেকে ডেকে নিয়ে নাছির উদ্দিন (৩০) নামের দুই সন্তানের জনককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত নাছির উপজেলার আড়ালিয়াকান্দি গ্রামের আবদুস সাত্তারের ছেলে। নিহতের নাদিয়া (৪) ও নুসরাত (৩) নামের দু’টি কন্যা সন্তান রয়েছে।

বুুধবার দুপুর বারোটার দিকে হোমনা থানা পুলিশ তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গম ক্ষেতের ধার থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে। নিহতের মা সামসুন্নাহার নিহত নাছিরের দুই মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, গতকাল মঙ্গলবার বিকালে তার ছেলের মোবাইলে কে বা কারা ফোন করলে সে ঘর থেকে বের হয়ে যায়। রাত দশটা বেজে গেলেও নাছির বাড়িতে না আসায় তার মোবাইলে বার বার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। বুধবার সকাল দশটার দিকে গ্রামের লোকজন জমিতে কাজ করতে গেলে নাছিরের লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।

লাশের সুরতহাল প্রস্তুতকারক হোমনা থানার সেকেন্ড অফিসার এসআই আবু সাফায়াত জানান, লাশের গলায় ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এর রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।