চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্থানে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন

ইত্তেফাক ডেস্ক

চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণের দাবিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে ন্যাশনাল সার্ভিস কর্মীরা। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

মুলাদী (বরিশাল): গতকাল ১১টায় মুলাদী প্রেসক্লাবের সামনে উপজেলা ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের আহ্বায়ক চায়না আফরোজ। এসময় বক্তব্য রাখেন উপজেলা ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সদস্য সচিব সুমন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আল আমিন সিকদার, মাহবুব হোসেন পলাশ, শহীদুল ইসলাম সুমন, জামাল তালুকদার, এনায়েত হোসেন খান প্রমূখ।

মেহেন্দিগঞ্জ (বরিশাল):উপজেলা ন্যাশনাল সার্ভিসের কর্মীদের মানববন্ধন বুধবার মেহেন্দিগঞ্জ উপজেলা  পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে পুনরায় নিয়োগ, ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়ামন্ত্রীর কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ খোরশেদ আলম ভুলু একাত্মতা প্রকাশ করেন।

গৌরনদী  (বরিশাল) :বেলা এগারটায় উপজেলার শহীদ সুকান্ত বাবু চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিজানুর রহমান, ন্যাশনাল সার্ভিস কর্মী সাইদুর রহমান, কাজী জেসিয়া, সীমা কাজী মৌসুমী, রাফিজা আক্তার, রীতা রানী পাল প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

শ্যামনগর (সাতক্ষীরা):উপজেলা পরিষদ চত্বরে গতকাল সকালে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বেকার যুবক ও যুব-মহিলাসহ সচেতন এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন শেষে মো. আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এসএসটির সভাপতি মারুফ হোসেন মিলন, তানিয়া আক্তার, ফিরোজ হোসেন, সুশান্ত মণ্ডল, দয়াল মণ্ডল, মাহাতাম বিল্লাহ, শিমুল দেবনাথ, কল্যাণ মণ্ডল, ইমরান, দিপংকর মণ্ডল, ইব্রাহিম খলিল, অসীম কুমার মৃধা প্রমুখ। এসময় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন শ্যামনগর সদর ইউপির সংরক্ষিত সদস্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়্যারম্যান প্রার্থী মোছাঃ দেলোয়ারা বেগম। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।