রূপগঞ্জের সাওঘাট এলাকায় একটি গরুর খামার ও একটি ঝুটের গোডাউনে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় খামারে থাকা ৯টি গরু পুড়ে মারা যায়। ঝুটের গোডাউনেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরু মীর জানান, তিনি ও তার বন্ধু কবির হোসেন ওই খামারে ১৬টি গরু দীর্ঘদিন ধরে লালন-পালন করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় খামার বন্ধ করে তারা বাড়িতে চলে যান। মধ্যরাতে গরুর খামারে আগুন লাগার খবর পেয়ে নুরু মীর ও কবির হোসেন ছুটে আসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে তারা এসে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে নুরু মীর ও কবির হোসেনের ৯টি গরু পুড়ে মারা যায়। খামারে থাকা বাকি ৭টি গরুকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও গরুগুলোর শরীর ঝলসে গেছে। বর্তমানে অগ্নিদগ্ধ গরুগুলোর চিকিত্সা চলছে। নুরু মীর বলেন, বিদ্বেষবশত কেউ তার খামারে আগুন দিয়েছে বলে ধারণা করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, গরুর খামারের পাশে একদল মাদকসেবী নিয়মিত মাদক সেবন করে থাকে।
ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক জয়নাল মীর জানান, গরুর খামারের পাশেই তার ঝুটের গোডাউন। গতকাল রাতে গরুর খামার থেকে আগুন তার ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।