শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর বেড়ি বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে হরিণগর বাজার সংলগ্ন সত্সঙ্গ মন্দিরের সামনে পাউবো বাঁধের একশত ফুটব্যাপী চুনকুড়ি নদীতে ধসে গেছে। এতে ওই অঞ্চলের মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভাঙন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল জানান, ভাঙনকৃত স্থান যেকোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে মুন্সিগঞ্জ, রমজাননগর, ঈশ্বরীপুর ও শ্যামনগর সদর ইউনিয়ন নোনা পানিতে তলিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনের বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে অবহিত করা হলেও অদ্যবধি কাজ শুরু হয়নি বলে তিনি জানান।
সংশ্লিষ্ট ৫নং পোল্ডারে দায়িত্বরত সেকশান অফিসার (এসও) মাসুদ রানা সত্যতা স্বীকার করে বলেন, সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশলী (পাউবো) আবুল খায়ের ও সাব-ডিভিশনাল প্রকৌশলী (এসডিই) রাশেদুর রহমান ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত স্থান সংস্কারের জন্য ১৭ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে মাসুদ রানা জানান।