উষা উত্থুপ এবার গাইলেন ইশতিয়াকের গান

ভারতীয় প্রতিষ্ঠান ভিস্টেজের জন্য লেখা ইশতিয়াক আহমেদের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তী শিল্পী উষা উত্থুপ। গানটির সুর ও সংগীতায়োজন করে শুভজিৎ রায়।

গানটির প্রযোজনা প্রতিষ্ঠান তালাশ মিডিয়ার কর্ণধার হিরক দাসগুপ্ত বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে এই গানটি আমরা করেছি। এটা প্রথমে এপার বাংলা এবং ওপার বাংলার জন্য করলেও পরে সেটাকে আরও বিস্তৃত করি। তাই বাংলার পাশাপাশি আমরা এর একটা হিন্দি ভার্সনও করেছি। যে কারণে গানটির জন্য আমরা সর্বভারতীয় কণ্ঠশিল্পী উষা দিদিকে বেছে নিয়েছি।’ হেরে যাওয়া মানে ভেঙে পড়া নয়, আবার উঠে দাঁড়াও। নতুন পথকে চিনতে আবার পা দু-খানি বাড়াও।’—এমন কথার গানটিতে কণ্ঠ দিয়ে কিংবদন্তী কণ্ঠশিল্পী উষা উত্থুপ নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘অসাধারণ একটি কাজ হয়েছে। আমি নিজেও খুব আনন্দিত এমন একটি কাজের সঙ্গে থাকতে পেরে।’ গানটি শিগগিরই ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে বলে তিনি জানান।