যুক্তরাজ্য ব্রেক্সিট বাস্তবায়নে বিলম্ব করতে পারে এবং মার্চে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নাও ছাড়তে পারে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বরোসো। সেক্ষেত্রে বিচ্ছেদের বিষয়টি আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখতে ইইউ সময় বাড়ানোর অনুরোধ মেনেও নিতে পারে বলে জানান তিনি। এদিকে ব্রেক্সিট নিয়ে আরেক দফা আলোচনা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের বুধবার ব্রাসেলসে যাওয়ার কথা।
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার নির্ধারিত সময়সীমা আগামী ২৯ মার্চ। কিন্তু এখনো ব্রেক্সিট চুক্তির কিছু বিষয় নিয়ে কোনো সুরাহা হয়নি। এ পরিস্থিতিতে ব্রেক্সিট কখন বাস্তবায়ন হতে পারে বলে মনে করেন, স্কাই নিউজের এমন এক প্রশ্নের জবাবেই বরোসো এ প্রক্রিয়ায় বিলম্বের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, ‘আমার মনে হয় ব্রেক্সিট এবছর মার্চে না হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের আরও প্রস্তুতি দরকার।’
তিনি আরও বলেন, ‘তা ছাড়া, বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এখন একটি ইতিবাচক চুক্তি যদি হয়েও যায়, তাও এটি পরিষ্কার যে, সবকিছু এখনো প্রস্তুত হয়নি। তাই আমি মনে করি এ মুহূর্তে সময় বাড়ানোটাই ঠিক হবে। আর যুক্তরাজ্য আর্টিকেল ৫০ এর সময় বাড়াতে চাইলে আমরা স্বাভাবিকভাবেই তা মেনে নেব। আমার ধারণা তারা সেটিই করবে।’
এদিকে ব্রেক্সিট নিয়ে আরও আলোচনা করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের বুধবার ব্রাসেলসে যাওয়ার কথা। তিনি সেখানে ইউরোপীয় কমিশনের প্রধান জ্য-ক্লদ-জাঙ্কারের সঙ্গে বৈঠক করবেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।