রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটি অযত্নে-অবহেলায় পড়ে রয়েছে। শহীদ মিনারের চারপাশ আবর্জনায় সয়লাব। মিনারের গা ঘেঁষে চারটি বাথরুম ও গণ-প্রস্রাবখানা। জানা গেছে, ১৯৬৫ সালে আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুম ও অফিস রুমের পেছনে শহীদ মিনার নির্মাণ করা হয়। বিদ্যালয়ের চারটি টয়লেট ও টয়লেটের ট্যাংকি শহীদ মিনারের ডান পাশে বসানো হয়। দীর্ঘদিন থেকে হয়নি কোনো সংস্কার। সারা বছরই শহীদ মিনারটি থাকে নোংরা ও আবর্জনায় ভর্তি।
সরজমিনে দেখা গেছে, আলাদীপুর উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ করছে। রাখা হয়েছে নির্মাণ কাজের ইট ও বালি। শহীদ মিনারের সামনে গরু বেঁধে ঘাস খাওয়ানো হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ের পাশেই আলীপুর ইউনিয়ন পরিষদ ও বাজার। এই বাজারে আসা লোকজন শহীদ মিনারের আশপাশেই প্রাকৃতিক কাজ শেষ করছেন।
স্থানীয় ব্যবসায়ী পল্লী চিকিসক মো. ফজলুল রহমার দেওয়ান, নুরুল ইসলাম খানসহ সচেতন মহল জানায়, অশ্রদ্ধা আর অবজ্ঞায় পরে আছে শহীদ মিনারটি। বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিন্দুমাত্র নজর নেই বললেই চলে। শহীদ মিনারটির এ অবস্থা আমাদের তরুণ প্রজন্মকে যেমন ভাবিয়ে তোলে, তেমনই ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি তুলে ধরা ব্যাঘাত ঘটে। তাই অবিলম্বে শহীদ মিনারটি পরিষ্কার করে এর একটি স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
আলীপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটি অযত্ন ও অবহেলায় রয়েছে। দিন শেষে চারপাশ অন্ধকার হয়ে এলে মাদকসেবীদের আড্ডা খানায় পরিণত হয়। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে। খুব শিগগির শহীদ মািনরটি পুননির্মাণ করা হবে, তিনি জানান। আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশার ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নওয়াব আলী জানান, বিদ্যালয়ের নির্মিত শহীদ মিনারটি অনেক পুরোনো হয়ে গেছে। বিদ্যালয়ে নতুন দুটি ভবনের কাজ চলছে। এ বছর বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও এসএসসি বিদায় অনুষ্ঠান। সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ওই শহীদ মিনারটি ভেঙে নতুন শহীদ মিনার নির্মাণ করা হবে।