গত সপ্তাহে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড বাহিনীর ওপর চালানো আত্মঘাতী হামলাকারীকে পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। এছাড়া হামলায় জড়িত অপর দুই ব্যক্তিও পাকিস্তানের নাগরিক বলে জানানো হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তান সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে চালানো ওই হামলায় রেভল্যুশনারি গার্ড বাহিনীর ২৭ সদস্য নিহত এবং আরো ১৩ জন আহত হয়। মঙ্গলবার ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, হামলায় জড়িত সবাই ছিল পাকিস্তানের নাগরিক। তিনি আত্মঘাতী হামলাকারীকে পাকিস্তানের নাগরিক হাফিজ মোহাম্মদ আলী বলে উল্লেখ করেন। নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে পাকপুর বলেন, ‘দুই দিন আগে এক নারীকে চিহ্নিত করে আটক করা হয়। ওই নারীর মাধ্যমে আমরা অন্যদের বিষয়েও জানতে পেরেছি।’
জেইশে জুলম নামের একটি সংগঠন গত ১৩ ফেব্রুয়ারি রেভল্যুশনারি গার্ডের ওপর চালানো হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। এর আগেও ইরানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছিল তারা। ইরানের সিরিয়া নীতির ঘোর বিরোধী জেইশে জুলম। ইরানের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, হামলাকারীদের আশ্রয় দিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো।