যারা নিয়মিত ধূমপান করেন, তাদের অনেকেরই অভ্যাস হলো রাতে খাওয়াদাওয়ার পর একটি সিগারেট খেতেই হবে। ধূমপান তো এমনিতেই ক্ষতিকর। তা ঘুমের আগেই হোক কিংবা ঘুম থেকে ওঠেই হোক। কিন্তু বিষয়টি এতটা সহজ নয়, যতটা ভাবছেন।
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে যেকোনো প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। কিন্তু ঘুম কম হওয়ার রোগে ভুগছেন বিশ্বের একটি বড় সংখ্যক মানুষ। যার ফলে নানা ধরনের রোগ বাড়ছে।
দেশে দেশে জীবিকার প্রয়োজনে জীবনের গতি বাড়ছে, এর ক্ষতিকর প্রভাবে বড় অংশের ঘুম কম হচ্ছে শুধু ব্যস্ততার জন্য। কম না হওয়া রোগ হয়ে দাঁড়িয়েছে সমাজের একটি বড় গোষ্ঠীর মধ্যে। তার জেরে বাড়ছে হৃদরোগের সম্ভাবনা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে হজমের গোলমালসহ অনেক কিছু। এই ব্যস্ততার মধ্যে যদি আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে কেউ ধূমপান করেন, তবে ঘুম আসার সম্ভাবনা আরও কমে যায়।
২০২০ সালে প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে, যারা নিয়মিত ধূমপান করেন, তাদের মধ্যে অনিদ্রায় ভোগার আশঙ্কা অন্যদের তুলনায় অনেকটাই বেশি। আর সিগারেট যদি খাওয়া হয় একদম বিছানায় যাওয়ার আগে, তবে সেই আশঙ্কা আরও বেড়ে যেতে পারে।
অস্ট্রেলিয়ার স্লিপ হেলথ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ঘুমের অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে দিনের শেষ সিগারেটটি খেতে হবে। তবেই অনিদ্রার সঙ্কট থেকে কিছুটা হলেও মুক্ত থাকা সম্ভব।