পাবনা প্রতিনিধি
পাবনার আতাইকুলায় আবু সাঈদ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দু’জনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক রুস্তম আলী এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, আতাইকুলা থানার কুমারগাড়ি বিশ্বাসপাড়া গ্রামের আব্দুস সালাম ওরফে খোকন, একই গ্রামের শাহিন বিশ্বাস, ভারিয়াডাঙ্গি গ্রামের মাসুদ রানা, সুজানগর উপজেলার তাঁতীবন্দ গ্রামের শুকুর আলী মোল্লা ও একই এলাকার সাইফুল ইসলাম ওরফে কাঞ্চন। খালাসপ্রাপ্তরা হলেন, সুজানগর উপজেলার ভবানীপুরের সেলিম হোসেন ও আলতাফ হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৩ এপ্রিল রাতে আতাইকুলা থানার কুমারগাড়ি গ্রামে আবু সাঈদকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে তার বন্ধুরা। পরদিন নিহতের ভাই রবিউল বাদি হয়ে ৭ জনকে আসামি করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।