মণিরামপুরে বড় বোনকে
কুপিয়ে হত্যা
মণিরামপুর (যশোর) সংবাদদাতা যশোরের মণিরামপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার ছোট ভাই ও বড় বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই আব্দুর রহিম বড় বোন নুরজাহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত নুরজাহান বেগম উপজেলার খেদাপাড়া গ্রামের আলাউদ্দীনের স্ত্রী। ঘটনার দিন সে উপজেলার বিজয়রামপুর গ্রামে ছোট ভাই আব্দুর রহিমের বাড়িতে জমি-জমার বিরোধ মীমাংসার জন্য আসে। আব্দুর রহিম ও নুরজাহান উপজেলা গালদা গ্রামের এনায়েত আলীর ছেলে ও মেয়ে। ঘটনার সময় নুরজাহানের চিত্কারে আশপাশের লোকজন এসে রহিমকে আটক করে থানায় খবর দেয়। স্থানীয়রা গুরুত্বর আহতাবস্থায় নুরজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জে বইয়ের ভেতর ইয়াবা
পাচার, ব্যবসায়ী আটক
কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে বইয়ের ভেতরে ইয়াবা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক মনিরুজ্জামানের বাড়ি সদর উপজেলার কানকাটি গ্রামে। গত মঙ্গলবার রাতে সে বইয়ের ভেতরে অভিনব কৌশলে ৮২ পিস ইয়াবা পাচারের সময় জেলা শহরের নিউটাউন এলাকায় র্যাবের হাতে ধরা পড়ে। র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক এম শোভন খান জানান, তার নিকট থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তালায় হ্যান্ডকাপসহ
ডাকাতের পলায়ন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার তালায় গ্রেপ্তারের পর পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছে শহিদুর রহমান ডাবা নামে এক ডাকাত। মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় উপজেলার জেঠুয়া বাজারে এই ঘটনা ঘটে। শহিদুর রহমান তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামের আমজাদ গাজীর ছেলে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, তাকে ধরতে অভিযান চলছে।
দহগ্রাম সীমান্তে সাত
বাংলাদেশি আটক
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বুধবার সাত বাংলাদেশিকে আটক করেছে পানবড়ী ও দহগ্রাম ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা। আটককৃতরা হলেন-দহগ্রাম কাতিপাড়া গ্রামের হাফিজুল ইসলাম, আব্দুস সালাম, বাবর আলী, আহমেদ আলী, রহমান, আনোয়ার হোসেন ও মকছেদ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫১ ব্যাটালিয়ন পানবাড়ী কোম্পানি কমান্ডার সোহেল রানা জানান, বুধবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় সাতজনকে আটক করা হয়। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভোলায় কোস্টগার্ডের
অভিযানে জাটকা জব্দ
ভোলা প্রতিনিধি ভোলার তেঁতুলিয়া নদীতে ভেদুরিয়া-লাহারহাট ফেরিতে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অভিযানে ২০ মণ জাটকা জব্দ করেছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন ইনচার্জ জাহাঙ্গির আহমেদ বলেন, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বরিশাল-ভোলা ফেরিতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করি। সকালে উদ্ধারকৃত জাটকা ভোলা সদর উপজেলা কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও সিনিয়র মত্স্য কর্মকর্তা আসাদুজ্জামানের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। সিনিয়র মত্স্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জাটকা রক্ষা করে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কাউখালীতে একুশে বই
মেলার উদ্বোধন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে পিরোজপুরের কাউখালীতে। গতকাল বুধবার থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সমাজসেবক আঃ লতিফ খসরু, শিক্ষক সমিতির সভাপতি গৌতম কুমার দাস, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার প্রমুখ।
মুরাদনগরে বাংলা বানান
শুদ্ধিকরণ অভিযান
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মুরাদনগর উপজেলা সদর বাজারে বুধবার সকালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাইন বোর্ডে বাংলা ভাষায় লেখা বানান শুদ্ধিকরণ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার রায়হান মেহেবুবের পরিচালনায় বানান শুদ্ধিকরণ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ মোহাম্মদ ইকবাল মনসুর, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের প্রভাষক ড. মনিরুজ্জামান, ডি.আর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুল হোসেন খান, উপজেলা স্কাউটস কমিশনার আ.হ.ম আনোয়ার হোসেন, সহকারী কমিশনার নজরুল ইসলাম, গুঞ্জুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কাউটস লিডার ইয়াছমিন আক্তারসহ নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা।