ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেটারদের যে কারণে হাসপাতালে পাঠানো হয়েছে

জিম্বাবুয়ের মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে দেশে ফিরে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে পড়েছিলেন দুই নারী ক্রিকেটার। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পরে আরও এক ক্রিকেটারের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ক্রিকেটার এখন তিনজন। তবে পরের জন করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছেন।

গতকাল (১৪ ডিসেম্বর) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। তবে তিনজনই সুস্থ আছেন এবং তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। পর্যবেক্ষণের সুবিধার্থে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিসিবির উইমেন্স উইং বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত আগামী কয়েকদিনে হোটেল সোনারগাঁওতে অনেক বিদেশি অতিথি অবস্থান করবেন। এই হোটেলেই রয়েছে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই সতকর্তা অবলম্বন ও নিবিড় চিকিৎসার জন্যই তিন নারী ক্রিকেটারকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আজ (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোভিন্দ। তিনিও থাকবেন হোটেল সোনারগাঁওতে। গতকাল বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ভারতের রাষ্ট্রপতি আসছেন কাল (আজ)। একই হোটেলে থাকবেন, যেখানে আমাদের দলটা রয়েছে। তাই আক্রান্তদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদেরকে আরও ৪-৫ দিন হাসপাতালেই থাকতে হবে। কোয়ারেন্টিন শেষে করোনা নেগেটিভ রিপোর্ট পেলেই তারা হাসপাতাল ছাড়বে। আক্রান্ত ক্রিকেটারদের করোনা শনাক্ত হওয়ার দিন থেকে পুরো ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

আজ করোনা নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আক্রান্ত ক্রিকেটার ছাড়া দলের অন্য সবাই কোয়ারেন্টিন মুক্ত হবেন। শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, কালকে (আজ) আরেকটা টেস্ট হবে। সেখানে নেগেটিভ রিপোর্ট পেলে আক্রান্তরা ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, জিম্বাবুয়ে থেকে গত ১ ডিসেম্বর দেশে ফিরেছিল বাংলাদেশ নারী দল।