খালেদা জিয়ার জন্ম-তারিখ নির্ধারণে শুনানি আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের তারিখ নির্ধারণে হাইকোর্টের শুনানির জন্য আজ বুধবার (১৫ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়। পরে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

হাইকোর্টে জমা দেওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫টি নথিতে ৩টি জন্মদিন পাওয়া গেছে। তারিখগুলো হলো, ১৯৪৬ সালের ৮ মে, ১৫ আগস্ট ও ৫ সেপ্টেম্বর। এ নিয়ে আজ বুধবার (১৫ ডিসেম্বর) শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়ে পাঁচটি প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। নথিগুলোর মধ্যে রয়েছে: খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র, বৈবাহিক সনদ, পাসপোর্ট ও এভার কেয়ার হাসপাতালে ভর্তি ফর্মে উল্লিখিত জন্ম তারিখ সংক্রান্ত নথি।