শফিউলের পরই ‘খরুচে’ মুস্তাফিজ

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচে চার উইকেট। উইকেটশিকারের দিক থেকে মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স নেহায়েত খারাপ নয়। কিন্তু গতকাল ডানেডিনে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন বাঁহাতি এই পেসার। চার বছরের ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে খরচে বোলিংটা করেছেন তিনি। ১০ ওভারে দুই উইকেট নিলেও গতকাল ৯৩ রান দিয়েছেন মুস্তাফিজ।

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে খরচে বোলিংয়ের তালিকায় তৃতীয় অবস্থানে ঠাঁই পেল যেটি। মুস্তাফিজের উপরে রয়েছেন শুধু শফিউল ইসলাম। ২০১০ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ ওভারে ৯৭ রান দিয়ে শীর্ষে শফিউল। একই বছরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে তিন উইকেট নিয়ে তার দেওয়া ৯৫ রানই রয়েছে পরের অবস্থানে। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ৬৩ রান দিয়েছেন মুস্তাফিজ। ২০১৮ সালে দুইবার উইন্ডিজদের বিরুদ্ধে এই রান দেন তিনি।