স্পোর্টস রিপোর্টার
বিদায় ঘণ্টা বাজতে চলেছে চেলসি কোচ মাউরিজিও সারির। আর এরই মধ্য দিয়ে আবারো কোচিংয়ে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়ে জিনেদিন জিদানের। শোনা যাচ্ছে, চেলসির কোচ হয়ে আসছেন তিনি। তার সাথে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ হওয়ার দৌড়ে আর যিনি আছে তার নামটা শুনলেও সবাই নড়েচড়ে বসতে বাধ্য। তিনি হলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
চেলসির দুর্দিন ক্রমেই যেন দীর্ঘায়িত হতে চলেছে। সর্বশেষ এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তারা হেরে গেছে ২-০ ব্যবধানে। আর প্রিমিয়ার লিগের অবস্থানও সুবিধাজনক নয় দলটির। পয়েন্ট তালিকায় ছয়ে থাকা দলটির পয়েন্ট মাত্র ৫০। শীর্ষ চারে থাকা বাদে বড় কোনো অর্জন এই অবস্থা থেকে তাদের জন্য অর্জন সম্ভব নয় বললেই চলে। বিশেষ করে ম্যানচেস্টার সিটির কাছে লিগের ম্যাচে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সারির ওপর খোদ চেলসির ম্যানেজমেন্টও নাখোশ।
এটুকু বললেই বোঝা যায় অ্যান্তনিও কোন্তের উত্তরসূরীর চেলসি যাত্রার ইতি ঘটতে চলেছে। এই অবস্থায় আসছে জিদান ও ল্যাম্পার্ডের নাম। এমন খবর প্রকাশ করেছে স্কাই স্পোর্টস। তবে, দুজনেরই যেই দায়িত্ব পান না কেন সেটা হবে আগামী মৌসুম থেকে। এই মৌসুমেই যদি সারির চাকরি চলে যায়, তাহলে বাকি সময়টা সামলাবেন এখন সহকারী কোচের দায়িত্বে থাকা জিয়ানফ্রাঙ্কো জোলা।
রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো জিদান গত মৌসুমের পরই স্বেচ্ছায় রিয়াল মাদ্রিদ ছেড়ে আসেন। নিঃসন্দেহে তিনিই চেলসির এক নম্বর পছন্দ। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে ৪৬ বছর বয়সী এই ফরাসি কোচকে পেতে হলে অবশ্য বড় আর্থিক লাভের স্বপ্ন ভুলতে হবে চেলসিকে। কারণ জিদান শর্তজুড়ে দিয়েছেন যে যদি তাকে ক্লাবটি কোচ হিসেবে পেতেই চায় তাহলে যে কোনো মূল্যেই হবে এইডেন হ্যাজার্ডকে চেলসিতেই রেখে দিতে হবে। কানাঘুষা আছে, হ্যাজার্ডের জন্য ২০০ মিলিয়ন পাউন্ডের প্রাইজ ট্যাগ ঝুলিয়ে রেখেছে চেলসি।
অন্যদিকে খেলোয়াড়ী জীবন শেষ করা ল্যাম্পার্ডও কোচিংয়ে নিজের শুরুটা করে ফেলেছেন। তিনি ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টির দায়িত্বে আছেন। ল্যাম্পার্ড চেলসির দায়িত্ব নিয়ে সেটা দারুণ একটা ব্যাপার হবে। কারণ, সাবেক এই ইংলিশ মিডফিল্ডার খেলোয়াড়ী জীবনের বড় একটা সময় কাটিয়ে গেছেন এই চেলসিতে। এবার তিনি কোচের দায়িত্ব পেলেও সময়টা স্মরণীয় করেই রাখতে চাইবেন।
তবে, এই মুহূর্তে তিনি ডার্বিকে প্রিমিয়ার লিগে জায়গা করে দেওয়ার চেষ্টায় ব্যস্ত। চেলসির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ল্যাম্পার্ড সম্প্রতি নিজের পুরনো ক্লাবের পারফরম্যান্সে দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ‘অবশ্যই আমি ক্লাবটিকে শ্রদ্ধা করি। ক্লাবের এখনকার কোচের প্রতিও আমার অগাধ শ্রদ্ধা। তবে ক্লাবের এখন যা পারফরম্যান্স সেটা আমার মুখে হাসি ফোটাতে পারে না।’