স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। গতকাল মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের কনফারেন্স রুমে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
ঢাকা প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকছে তিনটি করে ক্লাব। ‘এ’ গ্রুপে আবাহনী লিমিটেডের সঙ্গী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।
‘বি’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও উত্তরা স্পোর্টিং ক্লাব পরস্পরের বিরুদ্ধে লড়বে। ‘সি’ গ্রুপের তিনটি ক্লাব হলো: লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ‘ডি’ গ্রুপে রয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বিকেএসপি। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। গ্রুপ পর্বের ম্যাচগুলো চলবে ২৫-২৮ ফেব্রুয়ারি। ১ মার্চ দুটি সেমিফাইনাল ও ৩ মার্চ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে।