স্পোর্টস রিপোর্টার
মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে অংশগ্রহণকারী দলগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে বাংলাদেশের জন্য বাড়তি নিরাপত্তা থাকবে। খেলোয়াড়দের বহনকারী বাসের আগে পেছনে নিরাপত্তা ব্যবস্থা এএফসি থেকেই দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে নিরাপত্তা বহরে বাংলাদেশের বাড়তি ১১ ফুটবলারকে বহনকারী গাড়িও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১১ জন চূড়ান্ত স্কোয়াডের না হলেও তারা মিয়ানমারে একই হোটেলে থাকবেন এবং সাফের প্রস্তুতি নিবেন।
অনূর্ধ্ব-১৬ ফুটবলাররা যেখানে অনুশীলন করবেন তাদের পাশের মাঠ ভাড়া নিয়ে বাকি ১১ জন সাফের অনুশীলন করবেন। ঢাকায় রেখে গেলে এই ফুটবলারদের পরিকল্পনা অনুযায়ী অনুশীলনটা হবে না। কারণ কোচিং স্টাফদের মধ্যে সবাই মিয়ানমার অবস্থান করবে। তা ছাড়া এক সঙ্গে অনুশীলন করা খেলোয়াড়রা যদি দলছুট হয় তাহলে ঘাটতি দেখা দিতে পারে। ১২-২২ মার্চ নেপালের বিরাটনগরে হবে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ।