ছিটকে গেছেন কামিন্স, আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে আসায় ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ফলে শুরু হওয়া অ্যাডিলেড টেস্টে অজি দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক স্টিভ স্মিথ। অর্থাৎ, ২০১৮ সালের পর আবারও অজিদের নেতৃত্বে সাবেক এই অধিনায়ক।

জানা গেছে, গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় অ্যাডিলেডের একটি রেষ্টুরেন্টে গিয়েছিলেন বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট বোলার প্যাট কামিন্স। তখন পাশের টেবিলেই এক লোক বসেছিলেন যিনি করোনা পজিটিভি। পরে এটা জানার পর করোনা পরীক্ষা করান অজি অধিনায়ক। ফল নেগেটিভ আসলেও কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, এখন সাত দিনের কোয়ারেন্টিনে থাকবেন তিনি।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে না পেরে কামিন্স বোধহয় খুবই হতাশ। আমরা আশা করছি সে আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন টেস্টে খেলতে পারবে।