একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত ৪৯জন নারী এমপিকে দুই ধাপে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামী রবিবার বিকালে এই নারী এমপিরা সংসদ অধিবেশনে যোগ দেবেন। সকাল সাড়ে ১০টায় প্রথম ধাপে স্পিকার ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির ১জন ও স্বতন্ত্র ১জনসহ মোট ৪৫জন এমপিকে শপথ বাক্য পাঠ করান। এরপর পৌণে ১১টার দিকে দ্বিতীয় ধাপে স্পিকার সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চারজন নারী সংসদ সদস্যকে শপথ পড়ান। শপথ শেষে নারী এমপিরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর তারা সংসদের পরিচয়পত্রের জন্য ফিঙ্গার প্রিন্ট দেন ও ছবি তোলেন।
একজন স্বতন্ত্র এবং সরকারি জোটের নারী এমপির শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী; সরকারি দলের হুইপ আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। আর জাপার এমপিদের শপথের সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব আ. ই. ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সংসদ ভবনে আনুষ্ঠানিকতা শেষে সরকারি জোটের নারী এমপিরা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তারা এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে, জাপার চার নারী এমপি সংসদ ভবন থেকে সরাসরি যান বারিধারায় জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের বাসায়। সেখানে তারা এরশাদের হাতে ফুলের তোড়া দেন ও দোয়া চান। ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে অবশিষ্ট ১টি পাবে জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য এখনও শপথ নেননি, তারা কাউকে সংরক্ষিত আসনে মনোনয়নও দেননি।