ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াতের পাশাপাশি বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত। কারণ জামায়াতের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া ও তাদের সঙ্গে জোট ও সরকার গঠন করেছিল বিএনপি। গতকাল বুধবার দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘গণতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, জামায়াত দলগতভাবে ক্ষমা চাইলেও মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, গণহত্যা, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন থেকে দায়মুক্তি পেতে পারে না। দায়মুক্তি পাবেও না। তারা এতদিন ধরে বাংলাদেশে যে রাজনীতি করেছে, তাদের নিয়ে রাজনৈতিক জোট গঠন করে একসঙ্গে নির্বাচন করা ও সরকার গঠন করার জন্য বিএনপিও একই অপরাধে অপরাধী। বিএনপিও দায়মুক্তি পেতে পারে না।
তথ্যমন্ত্রী বলেন, কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, জামায়াতের ভেতর থেকে দাবি উঠেছে ক্ষমা চাওয়ার জন্য। তাদের কয়েকজন নেতা ঘোষণা দিয়েছেন পদত্যাগ করার। এই পদত্যাগের ঘোষণা বা তাদের মধ্য থেকে ক্ষমা চাওয়ার যে কথাবার্তা বলা হচ্ছে, এগুলো দেশ-বিদেশে চাপমুক্ত হওয়ার একটি কৌশল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি দিলীপ কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন।