নেপাল ক্রিকেট দলের অধিনায়ক লামিচানে

নেপাল ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন স্পিনার সন্দীপ লামিচানে। জ্ঞানেন্দ্র মাল্লার স্থলাভিষিক্ত হয়েছেন লামিচানে। অবশ্য এর আগে  বয়স ভিত্তিক  ক্রিকেটে  নেপালের  অধিনায়কত্ব  করেছেন  তারকা খ্যাতি পাওয়া  লামচানে।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়। বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের চতুর্থ আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন ২১ বছর বয়সী লামিচানে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চুক্তি নিয়ে চলমান বিরোধের কারণে নেতৃত্ব থেকে মাল্লা ও তার ডেপুটি দীপেন্দ্র সিংকে সরিয়ে দিয়েছে সিএএন।

এর আগে ২০১৬ ও ২০১৭ সালে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন লামিচানে। ২০১৬ সালে এশিয়া কাপ ও ২০১৭ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপ বাছাইপর্বে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন তিনি। সম্প্রতি নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে এভারেস্ট প্রিমিয়ার লিগে কাঠমুন্ডু কিংস ইলেভেনের অধিনায়কত্ব করেন লামিচানে।

দেশের হয়ে ১৬ ওয়ানডেতে ৪১ উইকেট এবং ২৬ টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়েছেন লামিচানে।