আজ ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি বরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর-এর ৬৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ সন্ধ্যায়, ঋষিজ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বাংলা একাডেমির অমর একুশের বই মেলা চত্বরের লেখক কুঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিল্পীর জন্মদিনের কেক কাটা হবে। এছাড়াও আগামী ৯ মার্চ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে, আনন্দভুবন পত্রিকার উদ্যোগে ফকির আলমগীরের একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনটিতে ফরিদপুর জেলার ভাঙা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৌঃ হাচেন উদ্দিন ফকির, মাতা বেগম হাবিবুন্নেসা। শিল্পী কালামৃধা গোবিন্দ হাইস্কুল থেকে ১৯৬৬ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে স্নাতক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভ করেন। -প্রেস বিজ্ঞপ্তি