রাজধানীর আসাদগেট এলাকায় গতকাল বুধবার বিকালে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ধরে যায়। এসময় ঘটনাস্থলের পাশে থাকা একটি মিনিবাস ও একটি পিকআপে আগুন ধরে যায়। এতে একজন রিকশাচালক ও মিনিবাসের ১০ যাত্রী সামান্য দগ্ধ হয়। এদের মধ্যে রিকশাচালক শহীদকে (৩৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আসাদগেটে মিরপুর সড়কে খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে খননকৃত ড্রেনের ভিতর গ্যাস জমে যায়।
পথচারীদের ছুঁড়ে দেওয়া জ্বলন্ত সিগারেট থেকে আগুন ধরে যায়। এসময় রাস্তায় একটি পিকআপ ও গাবতলী-সদরঘাট রুটের একটি মিনিবাসে আগুন ধরে যায়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুইটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।