পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ পাঁচ বিভাগের ১৬টি জেলার ১২২টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এই ধাপে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ৪ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার ১৩ মার্চ। এ ছাড়া, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দাখিল করা যাবে ৭ থেকে ৯ মার্চে এবং আপিল শুনানি হবে ১০ থেকে ১২ মার্চ পর্যন্ত। বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দের পর ওইদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। বুধবার দুপুরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৮৭ উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছিল; যার ভোট নেয়া হবে ১০ মার্চ। গত ৭ ফেব্রুয়ারি ঘোষিত দ্বিতীয় ধাপের ১২৯ উপজেলায় ভোট হবে ১৮ মার্চ। যদিও দ্বিতীয় ধাপ থেকে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার ভোট তৃতীয়ধাপে নিয়ে যাওয়া হয়েছে।
যে ১২২ উপজেলায় চতুর্থ ধাপে ভোট
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকী ও বাউফল উপজেলা; ভোলা জেলার ভোলা সদর, মনপুরা, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন ও লালমোহন উপজেলা; বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা এবং পিরোজপুর জেলার পিরোজপুর সদর, ইন্দুরকানী, মঠবাড়ীয়া, কাউখালী, ভাণ্ডারিয়া, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা।
খুলনা বিভাগের যশোর জেলার যশোর সদর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা; খুলনা জেলার দিঘলিয়া, কয়রা, দাকোপ, পাইকগাছা, রুপসা, তেরখাদা, ফুলতলা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা এবং বাগেরহাট জেলার বাগেরহাট সদর, মোংলা, মোরেলগঞ্জ, চিতলমারী, কচুয়া, রামপাল, ফকিরহাট ও শরণখোলা উপজেলা।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ফুলবাড়ীয়া, ত্রিশাল, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা ও ভালুকা উপজেলা।
ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর, সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, টংগিবাড়ী ও গজারিয়া উপজেলা; নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা; ঢাকার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলা এবং টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর, ধনবাড়ী, মধুপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল, ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর, বাসাইল ও সখিপুর উপজেলা।
চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার তিতাস, বরুড়া, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, মেঘনা ও মোহনা উপজেলা; নোয়াখালী জেলার বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচর, চাটখিল ও কোম্পানীগঞ্জ উপজেলা; ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আখাউড়, কসবা, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর উপজেলা এবং ফেনী জেলার ফেনী সদর, ফুলগাজী, সোনাগাজী, দাগণভূঁঞা, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা।উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালের মার্চ-মে মাসে ছয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আইনে মেয়াদ শেষের আগের ১৮০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। তবে ২০১৪ সালে এসে ধাপে ধাপে উপজেলায় ভোট হচ্ছে।