ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক পথনাটক 'আরো যুদ্ধ' প্রদর্শিত হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে নাটকটি প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার গাউসুল আজম রিন্টুর রচনা এবং আতিকুর রহমান ও এনামুল হকের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করে বিশ্ববিদ্যালয় থিয়েটার।
নাটকে মুক্তিযুদ্ধচলাকালীন একজন রাজাকার কমান্ডার যখন বুঝতে পারে বাঙ্গালীর বিজয় অবশ্যম্ভাবী, তখন সে জীবন বাঁচাতে একজন মুক্তিযোদ্ধার মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করে। পরবর্তীতে দেশ স্বাধীন হয়। দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়। রাজাকার পুনরায় দেশ বিরোধী চক্রান্ত করতে চায়। তাকে প্রতিহত করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তি একতাবদ্ধ হয়। নাটকের শেষ দৃশ্যে রাজাকারের স্ত্রী এবং কন্যা তাকে বিচারের আওতায় নিয়ে আসতে সাহায্য করে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন থিয়েটারের সদস্য, এনামুল হক, বদরুল পিয়াস, তাহসিন, নিশান, মাহির, লাবণ্য, ববি, পিংকিসহ আরও অনেকে।