বিশাল ব্যবধানে ইংলিশদের হারালো স্মিথের অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়া যে জয় পেতে যাচ্ছে তা চতুর্থ দিনই এক প্রকার নিশ্চিত হয়ে যায়। কেবল অপেক্ষা ছিল কত রানের ব্যবধানে জিতে তা জানার। পঞ্চম দিনে এসে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৯২ রানে অলআউট করে দিয়েছে স্বাগতিক বোলাররা। ফলে ২৭৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

এই জয়ের মধ্য দিয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো অজিরা। জয়ের জন্য ৪৬৮ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পায়নি ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসিব হামিদকে (০) ফেরান জাই রিচার্ডসন। একই বোলারের বলে ৩৪ রানে কাটা পড়েন আরেক ওপেনার ররি বার্নস। নেসারের বলে এলবির ফাঁদে পড়েন ২০ রান করা মালান। দিনের শেষ বলে রুটকে ফেরান স্টার্ক। তিনি ২৪ রান করেন।

অ্যাশেজে অস্ট্রেলিয়ার দাপট চলছেই

পঞ্চম দিন হার এড়াতে ইংল্যান্ডকে ব্যাট করতে হতো তিন সেশন এবং জিততে দরকার ছিল ৩৮৬ রান। টপ অর্ডার ভেঙে পড়া সফরকারীদের জন্য যা কঠিন ছিল। শেষ পর্যন্ত সেটিই হলো। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৮২ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করা ইংল্যান্ড শেষ দিন আর মাত্র ১১০ রান তুলতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ ৪৪ রান করেছেন ক্রিস ওকস। এছাড়া ররি বার্নস ৩৪, জস বাটলার ২৬, জো রুট ২৪ ও ডেভিড মালান ২০ রান করেন।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেছেন জাই রিচার্ডসন। এর আগে প্রথম ইনিংসে তিনি কোনো উইকেটই পাননি। এছাড়া দুই ইনিংস মিলিয়ে মিচেল স্টার্ক ৬টি, নাথান লায়ন ৫টি, মিচেল নেসার ২টি ও ক্যামেরুন গ্রিন ২টি উইকেট শিকার করেন।

ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন মার্নাস লাবুশানে। তিনি প্রথম ইনিংসে ১০৩ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রানের দুটি দুর্দান্ত উইলো খেলেন। অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার (৯৫ ও ১৩), অধিনায়ক স্টিভেন স্মিখ (৯৩ ও ৬), ট্রেভিস হেড (১৮ ও ৫১) রান করেন।

উভয় দলের মধ্যকার তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর মোলবোর্নে।