বিএনপির কার্যালয়ে সংঘর্ষ

ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে পুলিশ প্রতিবেদন ইসিতে

দলীয় মনোনয়ন ফরম বিতরণের সময় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে পুলিশ। গতকাল রবিবার এই প্রতিবেদনটি দেয়া হয়।

১৪ নভেম্বর বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণকে ঘিরে নয়াপল্টনে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এবং কয়েকটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ওই দিন কী ঘটেছিল, তার পূর্ণাঙ্গ বিবরণ জানানোর নির্দেশ দিয়ে পুলিশকে চিঠি দিয়েছিল ইসি।

ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, পুলিশের পক্ষ থেকে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর ওই ঘটনার প্রতিবেদন দেয়া হয়েছে। সিলগালা একটি খামে প্রতিবেদন দেয়া হয়েছে। সিইসি বরাবর দেয়া ওই প্রতিবেদন তাঁরা খুলেননি।