বাসে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মোঃ সেন্টু (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম ইপিজেড থেকে বাগেরহাটের শরণখোলাগামী বেপারী পরিবহনে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত ডাকাত সদস্য সিদ্ধিরগঞ্জ থানার কিল্লারপুলের মৃত রফিকুল ইসলাম ওরফে মাওলা বক্সের ছেলে।
বাসের যাত্রী চট্টগ্রাম ইপিজেডের পোশাক শ্রমিক রাজু শেখ (৩০) ও মোঃ মিলন হাওলাদার (৪০) জানান, গত মঙ্গলবার বাড়িতে আসার জন্য তারা বেপারী পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে ৫০ জনের মতো যাত্রী ছিল। বাসটি রাতে কাঁচপুর ব্রিজ এলাকার মদনপুর এলে গাড়ির সাইড গ্লাস ভেঙে তিন ডাকাত ভেতরে ঢোকে। পরে ডাকাতরা গাড়ির নিয়ন্ত্রণ নিতে চালক ও সুপারভাইজারের সঙ্গে ধস্তাধস্তি করে। তখন গাড়িতে থাকা অন্য শ্রমিক ও হেলপাররা এক ডাকাত সদস্যকে ধরে ফেলে। অন্য দুই ডাকাত লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। বাসের শ্রমিকরা গণপিটুনি দিলে আটক ডাকাত সদস্য মারা যায়। পরে নিহত ডাকাত সদস্যকে গোপালগঞ্জ পুলিশ লাইনে গাড়ি রেখে চালক, সুপারভাইজার ও গাড়ির অন্য শ্রমিকরা পালিয়ে যায়। বাসের হেলপার রাজু তালুকদারের ছেলে আকাশ তালুকদারকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম ফারুক বলেন, ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় হওয়ায় ওই থানায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, নিহত ঐ ডাকাত সদস্যের নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র, মাদকসহ এক ডজন মামলা রয়েছে।
বন্দরে চুরি হলো শহীদ মিনার!
বন্দরে লোহার অ্যাঙ্গেল দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনার চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। মঙ্গলবার গভীর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় হাজীপুর এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করেছে। এ ব্যাপারে হাজীপুর এলাকার মিলন জানান, বিশাল জনগোষ্ঠী ঘেরা হাজীপুর এলাকায় শহীদ মিনার নেই অনেক দিন ধরে। ২০১৮ সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থী ও যুব সমাজের কথা চিন্তা করে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ শহিদুর রহমান শহিদ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ১৫ হাজার টাকা ব্যয়ে হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে লোহা দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন। গত মঙ্গলবার রাতে অজ্ঞাত চোরের দল কৌশলে বিদ্যালয়ে প্রবেশ করে লোহার এ্যাঙ্গেল দিয়ে তৈরী অস্থায়ী শহিদ মিনারটি চুরি করে নিয়ে যায়। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।