বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা পর্নগ্রাফি মামলায় গ্রেফতার হয়ে দুই মাস কারাগারে ছিলেন। গত ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি মুচলেকা দেওয়ার শর্তে জামিন পেয়েছেন। তার দাবি, পর্নকাণ্ডের নামে তার বিরুদ্ধে প্রচুর ভুয়া খবর রাটানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
পর্ন ইস্যুতে স্বামীর আটকের পর তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন শিল্পা। এ ঘটনায় তার ভাবমূর্তি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জামিনের পর এতোদিন কিছু না বললেও অবশেষে মুখ খুললেন রাজ কুন্দ্রা।
তিনি দাবি করেন, ‘পর্নকাণ্ডের নামে আমার বিরুদ্ধে প্রচুর ভুয়া খবর রটেছে। অনেকেই এ সময়ের সুযোগ নিয়ে আমার বদনাম করেছে। আমি এতদিন এসব নিয়ে চুপ থাকার মানে এ নয় যে এগুলো আমি মেনে নিয়েছি।’
রাজ বলেন, ‘আমার চুপ থাকাটা দুর্বলতাও নয়। কখনোই পর্ন ছবির ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। এখনও জড়িত নই। যেহেতু পুরো বিষয়টা এখনও আইনের হাতে তাই এসব নিয়ে এর বেশি কিছু মন্তব্য করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি নির্দোষ। সত্যিটা একদিন সামনে আসবেই। সমস্যা হচ্ছে এসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার পরিবার। যা সহ্য করা আমার পক্ষে খুবই কষ্টকর এবং দুঃখজনক।’
গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছিল শিল্পা শেঠির স্বামীকে। প্রায় দুই মাস পর ৫০ হাজার টাকার বিনিময়ে তার জামিন মঞ্জুর করে মুম্বাইয়ের আদালত।